চার্জার ইস্যুতে ব্রাজিলে অ্যাপলকে ফের জরিমানা

২০ অক্টোবর, ২০২২ ০৮:২৭  
গত সেপ্টেম্বরে চার্জার ছাড়া আইফোন বিক্রি করায় ব্রাজিলের আদালত দেশটিতে আইফোন বিক্রি স্থগিত করে দেয়। একইসাথে ২৩ লাখ ডলারের জরিমানা করে। ফের প্রযুক্তি জায়ান্টটিকে জরিমানা করেছে দেশটি। এবার এক কোটি ৯০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী, দেশটিতে চার্জারসহ আইফোন পাঠাতে হবে অ্যাপলকে। খবরে বলা হয়, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে চার্জার ছাড়া আইফোন পাঠানোর সিদ্ধান্তে অ্যাপল অটল থাকলেও আদালত কারণ দেখাচ্ছে। আগে পণ্যের সঙ্গে চার্জার সরবরাহ করলেও, গ্রাহককে এখন এটি কিনতে বাধ্য করতে চায় কোম্পানিটি। দেশটির আদালত বলছে, “এটা স্পষ্ট যে, একটি 'গ্রিন ইনিশিয়েটিভ' ন্যায্যতার অজুহাতে গ্রাহকের ওপর চার্জার অ্যাডাপ্টার কেনার প্রয়োজনীয়তা চাপিয়ে দিয়েছে বিবাদী, যা এর আগে পণ্যের সঙ্গেই সরবরাহ করা হতো।” তবে অ্যাপল এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। ডিবিটেক/বিএমটি